রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলি ইউনিয়ন। দুর্গম এ এলাকায় সরকারি সুবিধা সঠিক সময়ে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। গত ৭ আগস্ট দেশের সব ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু হলেও এ ইউনিয়নে সেদিন টিকা দেওয়া সম্ভব হয়নি। অবশেষে তিন দিন পর গতকাল মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে টিকা নিয়ে যাওয়া হলো বড়থলি ইউনিয়নে। এদিন ইউনিয়নের ৬০০ জনকে টিকা দেওয়ার কথা।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে তিনজন স্বাস্থ্যকর্মী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে চড়ে বড়থলিতে যান। এর মধ্য দিয়ে এ ইউনিয়নে প্রথম কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমন ঘটল।
ডা. রশ্মি চাকমা জানান, ‘ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেওয়া হলেও দুর্গমতার কারণে বড়থলি ইউনিয়নে টিকা দেওয়া সম্ভব হয়নি। গণটিকার পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসাসেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে।’
ইউএনও মিজানুর রহমান জানান, ‘ইতিপূর্বে বড়থলি ইউনিয়নে দুর্গমতা এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয়নি। এবার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে সম্ভব হলো।’