মেসিকে পিএসজিতে স্বাগত জানিয়ে আবেগঘন পোস্ট নেইমারের

লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি বোধহয় নেইমারই হয়েছেন! প্রিয় বন্ধুর সঙ্গে যে আবারো জুটি বেঁধে খেলতে পারবেন।

পিএসজির সঙ্গে চুক্তি করতে মেসি এখন প্যারিসে অবস্থান করছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বার্সেলোনা থেকে প্যারিসে পৌঁছানে।

মেসি বা পিএসজি কোনো পক্ষ থেকেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে সবকিছু ইতিবাচকভাবেই এগোচ্ছে।

পিএসজির বেশ কিছু টুইটে এটা স্পষ্ট যে- মেসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তারা। বুধবার সংবাদসম্মেলনও ডাকা হয়েছে। মেসি প্যারিসে পৌঁছে পিএসজি ভক্তদের কাছ থেকে বীরোচিত অভ্যর্থনাও পেয়েছেন।

এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার তো একরকম নিশ্চিতই করে দিয়েছেন, আবারো দুই বন্ধু জুটি বেঁধে খেলতে যাচ্ছেন।

মঙ্গলবার ইন্সটাগ্রাম স্টোরিতে মেসির সঙ্গে বার্সেলোনায় খেলার সময়ের একটি ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘আবারো আমরা একসঙ্গে।’

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন নেইমার। খেলেছেন মেসির সঙ্গে জুটি বেঁধে। মাঠ ও মাঠের বাইরে তাদের দুজনের রসায়ন ছিল দারুণ।