ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন আর করোনা উপসর্গ নিয়ে মারা যান নয়জন।
বৃহস্পতিবার করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ কথা জানান।
মৃতদের মধ্যে ময়মনসিংহে সাতজন, নেত্রকোনার পাঁচজন, শেরপুরের তিনজন ও গাজীপুরের একজন রয়েছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), মুক্তাগাছা উপজেলার মজিদা বেগম (৯০), ত্রিশাল উপজেলার ইশরাত (৭ মাস), গফরগাঁও উপজেলার রহিমা খাতুন (৬৪), নেত্রকোনার সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার জুলেখা (৭০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের সুলতান (৫৫) ও সুফিয়া (৪৫), নান্দাইল উপজেলার কামাল (৪৫), নেত্রকোনা সদরের সুধা (৬৭), নাবিলা (২৫) ও মুজিবুর রহমান (৪৫), মোহনগঞ্জ উপজেলার আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলা উপজেলার সখিনা (৫৫)।
ডা. মহিউদ্দিন মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৯ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪৪ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় আরও ৪৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৫ শতাংশ।