পূর্ণকালীন ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যাশওয়েল প্রিন্স। এ জন্য দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের দায়িত্ব পেতে যাচ্ছেন প্রিন্স।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরেও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন প্রিন্স। সে সময় শুধু ওই সিরিজের জন্যই তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রিন্সের কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া সিরিজের আগে অবশ্য দুই পক্ষের চুক্তি হয়নি। জিম্বাবুয়ে সিরিজ শেষে হারারে থেকে দেশে ফিরে যান প্রিন্স।
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ খেলেছে ব্যাটিং কোচ ছাড়াই। তবে নিউজিল্যান্ড সিরিজে প্রিন্সকে পাবে টাইগাররা।
বাংলাদেশ সফরে কিউইরা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি শুরু হবে ১ সেপ্টেম্বর।
বাংলাদেশের কোচিং স্টাফে প্রিন্স তৃতীয় সদস্য। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকও দক্ষিণ আফ্রিকান। ৪৪ বছর বয়সী প্রিন্স খেলোয়াড়ি জীবনে ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন।
খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। লেভেল ‘৩’ ডিগ্রিধারী প্রিন্স ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।