চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যান। নিহতরা হচ্ছেন বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮) ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝাড়িয়া ওরাঁও-এর ছেলে হৃদয় ওরাঁও (৫২)।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইয়াসিন ও হৃদয় ওরাঁও নিজ নিজ এলাকার কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহত এই দুজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে।