২০২২ বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ প্রিন্স

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছর হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন বিষয়টি।

প্রিন্সকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সফরে দল ভালো করায় প্রিন্সকে পেতে আগ্রহী হয় বিসিবি। কিন্তু দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে নিজের দায়িত্ব পুরোপুরি সম্পন্ন করার জন্য কিছু সময় চেয়েছিলেন তিনি। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যায়নি। আগামী সপ্তাহ থেকে তাকে পাওয়া যাবে। প্রিন্স বাংলাদেশে আসছেন জানিয়ে আকরাম খান বলেন, ‘প্রিন্স সামনের সপ্তাহেই বাংলাদেশে আসবেন। আমরা ওর সঙ্গে এক বছরের চুক্তিতে আগ্রহী। ২০২২ সাল পর্যন্ত প্রিন্সকে রাখার পরিকল্পনা আছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। লেভেল ‘৩’ ডিগ্রিধারী এই কোচ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে কোচিং করিয়েছেন।