দেশে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিন শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। জুলাইয়ের রেকর্ড ভেঙে ডেঙ্গু আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে গত ১২ দিনে। চলতি মাসের ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৬ জন। সে হিসাবে গড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৩০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৪২ জন। এদের মধ্যে ২২১ জনই ঢাকার আর ঢাকার বাইরের ২১ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৪৩৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে জুলাই ও আগস্ট মাসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৫১৬ জন। এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি এখনো মৃত্যুর তথ্য পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৯৬ রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮২৪ আর বাকি ৭২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩১, ঢাকা শিশু হাসপাতালে ১৩, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ১৩, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ১৮, স্কয়ার হাসপাতালে ১১, সেন্ট্রাল হাসপাতালে ১৪, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৪, আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন।
এদিকে ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ১৭ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ২ জন।