রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন আর করোনা উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। আর করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন ১জন।
এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান নয়জন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৯২ জন।
এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭০ জন আর করোনা উপসর্গ নিয়ে ৯৭ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ২৫ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, পাবনার তিনজন রয়েছেন। এদের মধ্যে ছয়জন নারী আর সাতজন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন।
বৃহস্পতিবার রামেক ও রামেক হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ১৫ ভাগ।
এদিকে, সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ ভাগ।