যুক্তরাজ্যে সন্দেহভাজন বন্দুকধারীসহ নিহত ৬

যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্লাইমাউথ শহরের এক বন্দুক হামলার পর ছয়জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী ও ১০ বছরের কম বয়সী এক শিশু রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্লাইমাউথের কিহাম এলাকার এ ঘটনা ঘটে। তবে একে সন্ত্রাসবাদমূলক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর শুক্রবার হালনাগাদ করা তথ্যে ডেভন ও কর্নওয়াল পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ প্রাণ হারায়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থান থেকে আরেক পুরুষের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এটি সন্দেহভাজন বন্দুকধারীর লাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া আরেক নারীকে হাসপাতালে নেওয়া হয় এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু ঘটে।

পুলিশ বলছে, বন্দুকের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর তারা মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

ভিকটিমদের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করার পরপরই স্থানীয় আইন প্রণেতা পোলার্ড জানান, এদের মধ্যে ১০ বছরের কম বয়সের এক শিশু রয়েছে।

লেবার পার্টির এমপি টুইটার বার্তায় বলেন, “এ ঘটনায় আহত আরও অনেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। এ মর্মান্তিক ঘটনায় আমি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার শোক জানাচ্ছি।”