যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া (৬৮) মারা গেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী আঙ্গুর মিয়া শুক্রবার বিকালে বুকে ব্যথাসহ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত অসুখে মারা গেছেন আঙ্গুর মিয়া।
মৃত আঙ্গুর মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে।
কারাসূত্র জানায়, যুদ্ধাপরাধের মামলায় মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়াকে ২০১৬ সালে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ মে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়ার আরো ২ ভাই যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত।