স্কুল শিক্ষিকা খুন: গ্রেপ্তার ছেলের রিমান্ডে, ছাত্রদল নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে শহরের আলোচিত কিন্ডার গার্টেন শিক্ষিকা শান্তনা রায় মিলি চক্রবর্তী হত্যা মামলায় গ্রেপ্তার তার ছেলে অর্ক রায় রাহুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপরদিকে গ্রেপ্তার ছাত্রদলের সাবেক নেতা আমিনুল ইসলাম সোহাগের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়।

শুক্রবার বিকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার দুজনকে হাজির করা হয়। আদালতের মুখ্য হাকিম ( বিচারক) আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

সিআইডি বিভাগের তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে নিহত মিলির ছেলে রাহুলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। অপর আসামি ছাত্রদলের সাবেক নেতা আমিনুল ইসলাম সোহাগের জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

বৃহস্পতিবার রাতে এ মামলায় অর্ক রায় রাহুল ও আমিনুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসভবন থেকে একটু দূরে মিলি চক্রবর্তীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 
পরে গত ৫ আগস্ট অধিক তদন্তের জন্য এ মামলাটি সিআইডির কাছে ন্যস্ত করা হয়।