রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাই ও তাদের ছেলেদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মতিউর রহমান (৬২)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে মতিউর রহমান ও তার ছেলে ইনছান নিজেদের জমিতে ধান লাগাতে গেলে প্রতিপক্ষ বড় ভাই খলিলুর রহমান ও তার ছেলেরা তাকে কাজ করতে বাধা দেন। এ অবস্থায় তারা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং বড় ভাই খলিলুর রহমানের এক ছেলে হাঁসুয়া দিয়ে মতিউরের পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা মতিউর ও তার ছেলে ইনছান (২০), প্রতিপক্ষ খলিলুর রহমান (৭০), ছেলে ওয়াকিল (৪০), তোতা মিয়াকে (৪৩) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মতিউর মারা যান। চারঘাট মডেল থানা ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। জমিসংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলে আসছিল। তারই জের ধরে ছোট ভাই মতিউর রহমান নিহত হয়েছেন।