পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইট করে ট্রোলড কামরান আকমল

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট। এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দেশটির জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। কিন্তু সেই টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল তুলেছে।

কামরান তার টুইটে ‘হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে’ লিখতে গিয়ে লেখেন, ‘হ্যাপি ইন্ডিপেন্স ডে’। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় রসিকতা।

মজা করে একজন লেখেন, ‘আপনাকে শ্রদ্ধা জানাই। আপনিই একমাত্র ব্যক্তি, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বদলা নিচ্ছেন তাদের ভাষা দিয়েই।’

এই ঘটনায় অনেকে টেনে এনেছেন উমর আকমালকে। একজন লেখেন, ‘উমর আকমলের থেকেই পেয়েছে এমন শিক্ষা। বাড়িতে অভিধান রাখা উচিত’।

উমর একবার লিখেছিলেন, ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার।’ এমন ভুলের কথা উল্লেখ করেই দুই আকমল ভাইকে জুড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

৩৯ বছর বয়সী কামরান পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তাকে সবশেষ জাতীয় দলে দেখা গেছে ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে।