শাকিবের অভিযোগে জায়েদের জবাব

চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিতসহ তাকে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। নিজের ফেইসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমণি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমণির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র-জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সঙ্গে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?’

শিল্পী সমিতির বিরুদ্ধে শাকিব খানের এমন অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেবেন কি না?এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আমি আসলে পোস্টটি দেখিনি। এখন কোনো বক্তব্য আমরা দেব না। ১৫ আগস্টে আমাদের কার্যক্রম আছে। সেটা শেষ হলে দেখব, কী করা যায়।’ বিষয়টি নিয়ে শাকিব খানের আরও আগেই বলা উচিত ছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে লাভটা কী? মন্তব্য করেন জায়েদ।