টিকা নিলেন গুহামানব

প্রায় ২০ বছর ধরে একটি গুহায় থাকেন পান্টা প্যাট্রিক। সার্বিয়ার স্টারা প্লানিয়া পর্বতের গুহায় থাকা ওই ব্যক্তিও করোনাভাইরাসের খবর পেয়ে টিকা নিয়েছেন। এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরখানেক আগে তিনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একটি সুপার মার্কেটে গিয়ে করোনা সম্পর্কে জানতে পারেন। তবে গুহায় একা একা বাস করলেও করোনা মহামারী সম্পর্কে জানামাত্র তিনি করোনার টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। সব ধরনের জনসমাগম সফলভাবে এড়িয়ে চললেও করোনা টিকা নেওয়ার পর তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, করোনার কোনো বাছ-বিচার নেই। আমার গুহাতেও যেকোনো সময় করোনা চলে আসতে পারে।

প্যাট্রিক যে গুহায় বাস করেন সেখানে যাওয়ার সহজ কোনো রাস্তা নেই। খাড়া পাহাড় পাড়ি দিয়ে তবেই প্যাট্রিকের গুহায় পৌঁছানো যায়। তিনি নিজের আর তার মালিকানাধীন পশুগুলোর জন্য খাদ্য সহায়তা পান বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। নিজের গুহাবাসের কারণ ব্যাখ্যা করে জানান, শহরে কারও না কারও সঙ্গে সবসময় কথা বলতেই হয়। কিন্তু এখানে নিজের মতো থাকতে পারেন। কেউ বিরক্ত করার নেই।

৭০ বছর বয়সী প্যাট্রিক গুহায় স্থায়ীভাবে বসবাস শুরু করার আগে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি পার্শ্ববর্তী পাহাড়ি নদীতে মাছ আর পাহাড়ে জন্মানো মাশরুম খেয়ে থাকেন। অর্থকে তিনি অভিশাপ মনে করেন। তার মতে, অর্থ মানুষকে নষ্ট করে দেয়।