বাঘের বাচ্চা মনে করে এলাকাবাসী ধরলেন বনবিড়াল

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বাঘের বাচ্চা মনে করে এলাকাবাসী বনবিড়াল আটক করেছে। সোমবার দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গফিপাড়া গ্রামের একটি চা বাগান থেকে প্রাণীটিকে আটক করা হয়।

পরে সেটিকে বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) ডানাকাটা ক্যাম্পে হস্তান্তর করা হয়।

সামাজিক বনবিভাগের দেবীগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মধুসুদন বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। কাজের এক ফাঁকে বনবিড়ালটিকে দেখতে পান শ্রমিকরা।

বাঘের বাচ্চা মনে করে চিৎকার শুরু করলে স্থানীয়দের সহযোগিতায় বনবিড়ালটিকে আটক করে।

বিজিবি ডানাকাটা ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান জানান, এলাকাবাসী বাঘের বাচ্চা মনে করে একটি বনবিড়াল আটক করে আমাদের ক্যাম্পে রাখা হয়। বাঘের বাচ্চা না বনবিড়াল তা নিশ্চিত হওয়ার জন্য ওই প্রাণীটিকে পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম প্রাণীটিকে নিয়ে গেছেন বলেও তিনি জানিয়েছেন।