দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৮০৪ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬টি। মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ১৭ জন, খুলনা বিভাগের ১৯ জন, বরিশাল ও রংপুর বিভাগের সাতজন করে, সিলেট বিভাগের ছয়জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১১ জন।
অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও নারী ৮৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ ও বাসায় চারজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৭৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৬৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ হাজার ৮২৬ জন। কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৫ হাজার ৪৬০ জন। ছাড় পেয়েছেন ৯৯২১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৯৬৪ জন। ছাড় পেয়েছেন ১০ লাখ ১ হাজার ৮৮৯ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।