সিলেট বিভাগে কমেছে সংক্রমণ-মৃত্যু

সিলেট বিভাগে করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৫৯ জন। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগের দিন গত রবিবার করোনায় ১৩ জন মারা যান আর শনাক্ত হয়েছিলেন ৪৬০ জন। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৯১ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। সব মিলিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৯০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৩৭ জন। এদিকে, ঢাকার বাইরের কয়েকটি বিভাগ ও জেলায় করোনায় সংক্রমণ-মৃত্যু সংক্রান্ত খবরাখবর দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত-

খুলনা বিভাগে এক দিনে ১৮ মৃত্যু : খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার বেলা ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই সময়ে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানান, মৃতদের মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ছয়জন করে, মেহেরপুরে তিনজন, যশোরে দুজন ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৩১০ জন। করোনায় মারা গেছেন ২ হাজার ৮২৯ জন।

মমেক হাসপাতালে ১৩ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৮ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছে। হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, ইউনিটে নতুন ৪১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৬৩ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৬ জন।

রামেক হাসপাতালে এক দিনে ১০ মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়াও করোনা পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল থেকে গতকাল সকালের মধ্যে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহী জেলার ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন।

বরিশাল বিভাগে এক দিনে মৃত্যু ৮ : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৪। একই সময় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬০০ জনে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন সংক্রমিতের মধ্যে বরিশাল জেলার ৭৭, পটুয়াখালীর ২০, ভোলার ৭৮, পিরোজপুরের ৬, বরগুনার ২ ও ঝালকাঠির ৪ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হলো।