বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি : কাদের

বিএনপি ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয়নি, নেবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি রাজনৈতিক মাঠে নয়, নিরাপত্তাবেষ্টনীতে বসে শুধুমাত্র লিপ সার্ভিসের মাধ্যমে গণমাধ্যমের ওপর ভর করে টিকে আছে।’

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ছাত্রদল নেতার জামিন না হওয়ায় নির্লজ্জভাবে সরকারের সমালোচনা করেছেন। অথচ যেকোনো ব্যক্তির জামিন পাওয়া একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারকে দোষারোপের বিষয়টি রাজনৈতিকভাবে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধান ভানতে শিবের গীত গাইতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত সরকার। কাউকে দমন-পীড়নে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ আইনের শাসন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যেসব ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী বা জননিরাপত্তা ভঙ্গ ও নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির জীবনে এক গ্লানিময় অপবিত্র অধ্যায়। এই দিনে জাতির পিতাকে হত্যার বেনিফিশিয়ারি গ্রুপ এবং খুনিদের পৃষ্ঠপোষকতাকারীদের প্রতিনিধি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথাকথিত ভয় ও আতঙ্কের গল্পের আড়ালে যে রক্তচক্ষু প্রদর্শন করেছেন, বাঙালি জাতি তার পরোয়া করে না। ১৫ আগস্টের ইতিহাসের বিয়োগান্ত অধ্যায় থেকে বাঙালি জাতি শিক্ষা গ্রহণ করে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবে।’ এ ছাড়া বিবৃতিতে শোকের মাস আগস্টে শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।