নাইজারের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩৭ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। গত সোমবার দুপুরের দেশটির তিল্লারেবি অঞ্চলের দারে দায়ে গ্রামে ওই হামলা চালানো হয়। হামলার সময় গ্রামবাসীরা ফসলের মাঠে কাজ করছিল।
আঞ্চলিক সূত্র বলছে, নিহতদের মধ্যে চারজন নারী, ১৩ জন শিশু ও বাকিরা পুরুষ। স্থানীয় সাংবাদিকরা নিহতের সংখ্যা নিশ্চিত করলেও গ্রামবাসীরা বলছে, নিহতের সংখ্যা আরও বেশি।
গত কয়েক মাসে এ নিয়ে পঞ্চমবারের মতো সন্ত্রাসী হামলা হয়েছে ওই অঞ্চলটিতে। প্রায় দেড় শতাধিক মানুষ ইতিমধ্যেই নিহত হয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চল থেকে এই সহিংসতা শুরু হলেও ক্রমেই গোটা অঞ্চলে তা ছড়িয়ে পড়ে। নাইজার ও বুরকিনা ফাসোতেও নিয়মিত সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। এ হামলাগুলোর পেছনে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত। এদের মধ্যে বোকো হারাম অন্যতম।
গতকাল তিল্লারেবি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনা তদন্তে ও গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, সেনাবাহিনী চলে যাওয়ার পর তাদের ওপর আবারও হামলার শঙ্কা রয়েছে। গত সপ্তাহেই সন্ত্রাসীরা দেশটির বানিবাঙ্গু শহরে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করে।