যশোরে তরুণকে কুপিয়ে হত্যা

যশোরে কেশবপুরে এক দিন আগে নিখোঁজ এক তরুণের মরদেহ গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাসেল হোসেন (২৫) কেশবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়ার আবদুল মাজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ঢেপার মাঠে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় পরিবারের সদস্যরা এসে মরদেহ রাসেলের বলে শনাক্ত করেন। আগের দিন সোমবার থেকে সে নিখোঁজ ছিল বলে জানান তারা।

ওসি আরও জানান, নিহতের গলা ও পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। তার মোটরসাইকেলটি পাশের গোপসানা মাঠে পাওয়া গেছে। কেশবপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।