বনের ভেতরে কয়লা তৈরির ১৬টি অবৈধ চুল্লি ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে ওঠা কয়লা তৈরির অবৈধ ১৬টি চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব চুল্লির অন্যতম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল তেলিপাড়ায় বনের ভেতরে অভিযানকালে এসব চুল্লি ধ্বংস করা ও জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে ওই এলাকায় বন উজাড় করে কয়লা তৈরির ধুম চলছে। ওই এলাকায় বনের ভেতরে চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলেন বাঁশতৈল গ্রামের বিল্লাল হোসেন, গাইরাবেলিত গ্রামের মজিবুর রহমান, কাহারতা গ্রামের হাবিবুর রহমান এবং হারুন। গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে কয়লা তৈরির ১৬টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ওই স্থানে উপস্থিত চুল্লির অন্যতম মালিক হারুনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।