কাবুল দখলের দুই দিনের মাথায় সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন। গতকাল মঙ্গলবার এই ঘোষণার মধ্য দিয়ে কাবুলের ভীতসন্ত্রস্ত জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে চেয়েছে দলটি।
গত রবিবার তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর সোমবার দেশ ছেড়ে পালাতে বহু আফগান বিমানবন্দরে ভিড় করেন। রানওয়েতে ঢুকে পড়ে কেউ কেউ বিমানের চাকা ও ডানা ধরেও দেশ ছাড়ার চেষ্টা করে। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর রক্ষায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনারা গুলি চালালে পাঁচজন নিহত হন। এ ছাড়া চাকা ধরে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে উড়ন্ত বিমান থেকে পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে বড় ধরনের কোনো নিপীড়ন বা লড়াইয়ের খবর পাওয়া যায়নি। রাস্তায় টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। তবে তালেবান যোদ্ধারা কারাগার খালি করে দেওয়ায় এবং অস্ত্রগুদাম লুট করে নেওয়ার পর বহু আতঙ্কিত বাসিন্দা বাড়িতেই অবস্থান করছেন। গত দুই দশকে দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির সময় নারীরা বেশ কিছুটা অধিকার পেলেও তালেবান আসায় তাদের অনেকেই শঙ্কিত হয়ে পড়েন।
তালেবান সাংস্কৃতিক কাউন্সিলের সদস্য এনামুল্লাহ সামানগনি সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেন, ‘ইসলামিক আমিরাত (আফগানিস্তানকে এই নাম দিয়েছে তালেবান) চায় না নারীরা আক্রান্ত হোক। শরিয়া আইন অনুযায়ী নারীদের সরকারি কাঠামোয় থাকা উচিত।’ দুই দশক আগে তালেবান যখন ক্ষমতায় ছিল তখন নারীদের প্রতি তাদের যে মনোভাব ছিল সেখান থেকে সামানগনির সাম্প্রতিক বক্তব্য অনেকটাই আলাদা। ওই সময়ে বেশিরভাগ নারীই ঘরে বন্দি থাকতেন।
কাবুলে আবারও সংবাদ উপস্থাপনায় ফিরছেন দেশটির নারীরা। তালেবান ক্ষমতা দখলে নেওয়ায় কাজে ফেরা নিয়ে শঙ্কা জাগে নারীদের। তবে গোষ্ঠীটি জানিয়েছে, নারীদের কাজে ফিরতে কোনো বাধা নেই। তবে হিজাব পরেই টেলিভিশনের পর্দায় অংশ নিচ্ছেন তারা। আফগানিস্তানের টোলো নিউজে দেখা গেছে, এক নারী সংবাদ উপস্থাপিকা তার কর্মস্থলে ফিরেছেন। মঙ্গলবার টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইটারে ছবি পোস্ট করে এ তথ্য জানান। ছবিতে দেখা যায়, নারী উপস্থাপিকা হিজাব পরে তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারীরা কাজে ফেরায় অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ রকম বেশ কয়েকটি ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।