চেলসি ছেড়ে ৪০ মিলিয়ন ইউরোর (৩৪ মিলিয়ন পাউন্ড) বিনিময়ে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দিয়েছেন স্ট্রাইকার ট্যামি আব্রাহাম।
২৩ বছর বয়সী ইংলিশ তারকা গত মৌসুমে ব্লুজদের হয়ে যুগ্মভাবে শীর্ষ গোলদাতা হয়েছিলেন। এবার তিনি পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন কোচ হোসে মরিনহোর দলে।
তবে চুক্তিতে বাই-ব্যাক ক্লজ রাখা হয়েছে। চেলসি চাইলে ফের আব্রাহামকে কিনতে পারবে। তবে তার জন্য চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের খরচ হবে ৬৯ মিলিয়ন পাউন্ড।
২০১৬ থেকে স্টামফোর্ড ব্রিজে আছেন আব্রাহাম। তবে মরিনহোর অধীনে এর আগে মাঠে নামা হয়নি এই ইংলিশ স্ট্রাইকারের। পর্তুগিজ কোচ ২০১৫ সালে চেলসি ছাড়েন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম ছেড়ে এখন তিনি রোমার দায়িত্বে।