সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে  সেনাবাহিনীর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়ে বলেছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, সহকারী প্রতিরক্ষামন্ত্রী, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, তুর্কি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড  ফোর্স কমান্ডার এবং অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তিনি দুদেশের সেনাবাহিনীর সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি তুরস্কের সামরিক জাদুঘর, ওয়ার কলেজ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও আর্মি এভিয়েশনসহ অন্যান্য ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। এছাড়া তিনি তুরস্কে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ২৬ আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন।