রাজশাহীর করোনা ইউনিটে আরও ৯ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন ১জন।  

আগের ২৪ ঘণ্টায়ও এখানে করোনায় মারা যান ৯ জন।  

এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০৩ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১২১ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন প্রাণ হারান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আছেন রাজশাহীর ২, নাটোরের ১, নওগাঁর ১ এবং পাবনার ৫ জন। এদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১, এ ছাড়া ২০ বছরের নিচে ১ জন রয়েছে।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮জন।

বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৪০, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৭৪ জন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। 

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।

বুধবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৪৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৩ ভাগ।