পটুয়াখালীর গলাচিপায় জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ও ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য দুটি গোলপাতা মাছ।
বৃহস্পতিবার সকালে জেলার গলাচিপা পৌর বাজারে মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার গোলখালী গ্রামের জেলে সাগর মাঝি।
উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার জেলেদের জালে এই মাছ দুটি ধরা পড়ে। সাত ফুট দৈর্ঘ্য এবং দুই ফুট প্রস্থের সামুদ্রিক মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয় এক ব্যবসায়ী মাছ দুটি পাঁচ হাজার টাকায় কিনে নিয়েছেন।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, পিঠের অদ্ভুত কাটার জন্য স্থানীয় জেলেদের কাছে এটি গোলপাতা মাছ নামে পরিচিত হলেও এটি এক ধরনের সেইল ফিশ। গভীর সাগরে এদের বিচরণ। মাঝেমধ্যে অগভীর সাগরে চলে আসে। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।