মির্জাপুরে যুবলীগ নেতা ও সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার দাবি

জমি দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাইমহাটী ও কদিম দেওহাটা গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় গ্রামবাসী এ মানববন্ধন করে।

স্থানীয়রা জানান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন স্থানীয়দের আবাদি জমিতে জোরপূর্বক মাছ চাষ করে আসছিল। মাছ চাষে বাধা দেওয়ায় মামুন তার বাহিনী নিয়ে গত ১২ আগস্ট জমির মালিক নজরুল ইসলাম ও বিল্লাল হোসেনের ওপর হামলা করে কুপিয়ে আহত করেন।

এ ঘটনার প্রতিবাদে এদিন গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা মামুনের বিরুদ্ধে জমি দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ আনেন। পাশাপাশি তাকে যুবলীগ থেকে বহিষ্কারসহ সব আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।