থানচিতে উদ্ধার হওয়া মর্টার শেল ও গোলা ধ্বংস

বান্দরবানের থানচির তিন্দুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা তিনটি মর্টার শেল ও দুটি আরএল গোলা ধ্বংস করেছে বিজিবি। গত বুধবার বিকেলে সীমান্তবর্তী তিন্দুমুখের দুর্গম এলাকায় বোম্ব ডিসপোজাল দলের মাধ্যমে শেল ও গোলাগুলো নিষ্ক্রিয় করা হয়।

বিজিবি জানায়, গত মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে মর্টার শেল ও গোলাগুলো উদ্ধার করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের নির্দেশে বলিপাড়া (৩৮ বিজিবি) জোন কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, ধারণা করা হচ্ছে আইনশৃংখলা বাহিনীর ভয়ে অনেক দিন আগে সন্ত্রাসীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে। বলিপাড়া জোন দ্বিতীয়বারের মতো এ ধরনের বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করেছে। জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।