২০২৪ সালে বে-টার্মিনালের অপারেশন শুরু

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন বে-টার্মিনাল হবে। ২০২৪ সালে বে-টার্মিনালের অপারেশন শুরু করতে চাই।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় সাগরতীরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বে-টার্মিনালে তিনটি টার্মিনাল থাকবে। এর একটি চট্টগ্রাম বন্দর করবে। বাকি দুটি টার্মিনাল বৈদেশিক বিনিয়োগে হবে। সমঝোতা সাপেক্ষে বাকি দুটি টার্মিনাল নির্মাণ করতে দেওয়া হবে। প্রতিমন্ত্রী এর আগে জাহাজে করে সাগর থেকে  বে-টার্মিনাল এলাকা পরিদর্শন করেন।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার প্রবৃদ্ধিকে সামাল দিতে বে-টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দুটি কন্টেইনার টার্মিনাল, একটি মাল্টি-পারপাস টার্মিনাল নির্মিত হবে। বে-টার্মিনালকে বৈরী আবহাওয়া এবং সাগরের বড় ঢেউ থেকে রক্ষা করতে পাঁচ কিলোমিটার দীর্ঘ ‘ব্রেক ওয়াটার’ নির্মিত হবে।

বে-টার্মিনাল থেকে বহির্নোঙরের দূরত্ব এক কিলোমিটার। বিদ্যমান চট্টগ্রাম বন্দরের  চেয়ে এর পরিধি প্রায় পাঁচগুণ হবে। ১২ মিটার ড্রাফটের এবং ২৮০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ ভেড়ানো সম্ভব হবে। বে-টার্মিনাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ৫০০ একর জমি প্রয়োজন হবে। এর মধ্যে ৮৭০ একর জমির প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। ব্যক্তি মালিকানাধীন ৬৬ একর জমির অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।