মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি উঠেছে বিক্ষোভ সমাবেশ থেকে।   

বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদের কম্পাউন্ডে ব্যানার সরানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা এবং পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে। ওই মামলায় বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। 

তবে মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করেছে বরিশাল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর কমিটি। তারা মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানিয়ে বরিশালে প্রতিবাদ সভা করেছে। 

শুক্রবার বিকেল ৪টায় নগরের সোহেল চত্বরে জেলা ও নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা হয়।  

সভায় বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত মামলা। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ফাঁসাতে এ মামলা দায়ের হয়েছে। 

তারা দাবি করেন, ইউএনও’র বাসায় কেউ হামলা করেনি। বরিশাল সিটি কপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা গিয়েছিলেন ব্যানার-পোস্টার অপসারণে। সেখানে ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা গুলি চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।  

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি খালেদা হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, নগর মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা হনুফা, যুগ্ম সম্পাদক গায়েত্রী সরকার পাখি, জেলার সহসভাপতি শ্যামলী সাহা, বিসিসির সংরক্ষিত ১৯, ২০, ২১ কাউন্সিলর সালমা আক্তার শিলা প্রমুখ।
বক্তারা আরো বলেন, ইউএনওর বাসার যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে সেখানে বাকি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে। ইউএনওকে কারা মদদ দিচ্ছে সে সব ষড়যন্ত্রকারীদের সামনে আসার আহ্বান জানাই। 

তারা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের মুক্তি না দিলে আরো কঠিন কর্মসূচী দিয়ে দুর্বার আন্দোলন ও রাজপথে নামার হুঁশিয়ারি দেন।

তারা বলেন, আমরা যে কতদূর যেতে পারি তা আপনার চিন্তার বাইরে। 

এদিকে বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উজিরপুর পৌর শহরের টেম্পু স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়। 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেনের সভাপিতত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস বেপারী, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিপু এবং পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন প্রমুখ। 

একই ঘটনার প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবুগঞ্জ কলেজ গেটের দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।