নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৭) তুলে নিয়ে ধর্ষণ ্ও ভিডি্ওধারণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা রাত ১১টার দিকে বেগমগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ শনিবার ভোর ৬টার দিকে দুই আসামিকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুননগর গ্রামের খোনার বাড়ির আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮) ও একই গ্রামের শরীফ মিয়াজী বাড়ির দুলালের ছেলে ইব্রাহিম (২২)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়েন। শুক্রবার দুপুর ৩টার দিকে নিজবাড়ি থেকে বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়।
এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে গায়ের ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। আছরের আজানের পর আব্দুর রহমান একই গ্রামের তার বন্ধু ইব্রাহিমকে ফোন করে এবং নির্যাতিত কিশোরীকে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে যায়। তখন আব্দুর রহমান তাকে পুনরায় ওই বাড়িতে ধর্ষণ করে এবং ইব্রাহিম ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করেন। এরপর ইব্রাহিম ধর্ষণ করে আব্দুর রহমান ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন।
একপর্যায়ে মাগরিবের আজানের পর আব্দুর রহমান কিশোরীর কানে থাকা স্বর্ণের দুল ও নাক ফুল ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই পুলিশের অপারেশনাল ৩টি টিম কাজ শুরু করে। ভোর ৬টার দিকে অভিযুক্ত আব্দুর রহমান ও ইব্রাহিমকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।