এএফসি কাপে জয়ের ধারায় থাকা হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ভারতের ক্লাব বেঙ্গালুরু এএফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল অস্কার ব্রুজোনের দল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল বাংলাদেশের প্রতিনিধিরা।
শনিবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। মঙ্গলবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে খেলবে বসুন্ধরা।
ম্যাচের শেষ দিকে বসুন্ধরার রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করেছে ভারতের ক্লাবটি। তবে তা ভালোভাবেই রুখেছে কিংসরা। শুরুতে অবশ্য আক্রমণে প্রাধান্য ছিল বসুন্ধরারই। তবে কোনো দলই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। তাই ড্র হয় ম্যাচ।
এর আগে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল বসুন্ধরা কিংস। এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বসুন্ধরা।
অন্যদিকে বেঙ্গালুরু চলতি আসরে প্রথম পয়েন্টের স্বাদ পেল। নিজেদের প্রথম ম্যাচে তারা স্বদেশি ক্লাব মোহনবাগানের বিপক্ষে হেরেছিল ০-২ গোলে।
৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান আপাতত দ্বিতীয় স্থানে। রাতেই যারা মাজিয়ার মুখোমুখি হবে। এক ম্যাচ খেলা মাজিয়া এখনো পয়েন্ট পায়নি। রাতের ম্যাচে মাজিয়া হেরে গেলে তাদের সঙ্গে বেঙ্গালুরুরও সব আশা শেষ হয়ে যাবে।