মিস ইউনিভার্স সুস্মিতা সেন গত বছর ওটিটিতে অভিষেক ঘটান। আর প্রথম ওয়েব সিরিজ ‘আরিয়া’র জন্যই তার হাতে ওঠে ফিল্মফেয়ার ওটিটির সেরা অভিনেত্রীর পুরস্কার। এবার দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সামান্থাও সেই কাতারে দাঁড়ালেন। ব্যক্তিজীবনে সম্প্রতি সুপারস্টার নাগার্জুনপুত্রের সঙ্গে বিচ্ছেদ হলেও ক্যারিয়ারে এই প্রাপ্তি তাকে আনন্দের ছোঁয়া দিয়েছে। গত শুক্রবার অনলাইনে বসেছিল ‘দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন পুরস্কার’-এর ১২তম আসর। এ বছর চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের সিরিজগুলোকে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। ‘শেরনি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিবেচিত হয়েছেন বিদ্যা বালান। ‘লুডো’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন অনুরাগ বসু। সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘সুরারাই পটরু’। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণের তারকা সুরিয়া। সিনেমা ও ওয়েব সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে সফলতার সঙ্গে অভিনয় করে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘মির্জাপুর টু’। ‘ফ্যামিলি ম্যান টু’র জন্য ওয়েব সিরিজের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন মনোজ বাজপায়ী ও সামান্থা। পুরস্কার পাওয়ার অভিব্যক্তি জানিয়ে সামান্থা বলেন, ‘এ রকম অসাধারণ প্রতিভাবান সব মানুষের সঙ্গে কাজের সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ এবং আজকের এ পুরস্কার আমার জন্য বিশাল সম্মান। এখন পর্যন্ত আমি যেসব চরিত্রে কাজ করেছি, এটি সবগুলো থেকে আলাদা। এর মাধ্যমেই আমার ওটিটিতে ঝাঁপ দেওয়া, আর অসাধারণ একটা শো করে ফেলা!’ মনোজ বলেন, ‘আমাকে শ্রীকান্ত তিওয়ারি হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই সিরিজের লেখক টিমকে। তারা আমাকে এ চরিত্রে ঢুকে পড়ার জন্য যথেষ্ট জায়গা করে দিয়েছেন।’