নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'রনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। এ বিষয়ে বিস্তারিত আগামীকাল সকালে সংবাদ সম্মেলনে জানানো হবে।'
জেলা বিএনপির আহ্বায়j কমিটির সদস্য রুহুর আমিন বলেন, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত ১৭ আগস্ট শহরের মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, 'আজকে ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই যদি একক শেখ হাসিনার হয়ে থাকেন আপনারা যে পোশাক পরিধান থাকেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কিনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টুর ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশ প্রতিহত করবে।''
তিনি আরও বলেন, 'ওই বক্তব্যের পরই মূলত মশিউর রহমান রনি আত্মগোপনে ছিলেন। তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে বলে আমরা জানতে পারি। আজ ঢাকা থেকে রনিকে আটক করা হলো।'
এর আগে, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর আরামবাগ থেকে তাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। দু'দিন পরে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়। এসব ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। পরে ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পায় রনি।