অনিয়মের অভিযোগ

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রবিবার সকালে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১৮ আগস্ট জারি করা স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষদের প্রকল্প গ্রহণের আগে কোনো সভা না করা, প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে না করে আত্মীয়ের মাধ্যমে করা এবং অনুমোদিত তালিকার বাইরে ১২৫টি ভিজিডি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।