৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

পঞ্চগড়ে ফসল রক্ষার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় জলাবদ্ধতা নিরসন করে আমনক্ষেত রক্ষা, ফসলের ক্ষতিপূরণসহ জলবদ্ধতা সৃষ্টিকারী এক প্রভাবশালীর বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তিনটি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

গত শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভাবরঙ্গী এলাকায় ইউনিয়নের বড়ুয়াপাড়া, হরিপুর ও সরকারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ইউনিয়নের তিনটি গ্রামের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন শংকর দে, বিশ্বজিত দে, কংকর দে, তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ওই ইউনিয়নের প্রভাবশালী দিলদার রহমান ফসলি জমিতে পুকুর খনন করে, কালভাটের মুখ বন্ধ করে ফসলি মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করে দিয়েছেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভাবরঙ্গী খাল এলাকার ফসলি মাঠের প্রায় ৩০০ বিঘা আমনক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে দিলদার রহমানের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।