ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তারা জুটি হবেন ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায়। প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত ও পরিচালক এসএ হক অলিকের এ মুভিতে প্রথমবারের মতো তারা আসছেন। বিষয়টি নিশ্চিত করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিকজন। যদিও ‘গলুই’র প্রযোজক, পরিচালক এমনকি নায়িকা এখনই বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ। অন্যদিকে পূজার জন্মদিনে ‘গলুই’ সিনেমার টিম আয়োজন করে তার জন্মদিনের কেকও কেটেছেন। শিল্পী প্রসঙ্গে এসএ হক অলিক বলেন, ‘মুভির নায়ককে নিয়ে আমরা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই শাকিবের নামটি ছড়িয়ে পড়ছে। আর নায়িকার বিষয়ে এখনই বলতে চাই না। আমরা সংবাদ সম্মেলন করে জানানোর প্রস্তুতি নিচ্ছি।’ প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, সেপ্টেম্বরে জামালপুরে মুভির দৃশ্যধারণ হবে। স্থান নির্বাচনের জন্য তারা দ্রুতই এ জেলায় যাবেন। সিনেমাটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই।