ইউএনওর বাসভবনে হামলা: ভুল বোঝাবুঝি ভুলে একসঙ্গে কাজ করতে চায় বিসিসি

অতীতের সকল ভুল বোঝাবুঝি ভুলে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বরিশাল সিটি করপোরেশন।

রবিবার রাতে বরিশালের বিভাগীয় কমিশনারের বাস ভবনে সমঝোতা বৈঠকের পর সোমবার দুপুর ১টার দিকে গণমাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এই বিজ্ঞপ্তি প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুল বোঝাবুঝির কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তার অবসানকল্পে রবিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অতীতের সকল ভুল বোঝাবুঝি ভুলে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বরিশাল সিটি করপোরেশন।

এর আগে বরিশালে রবিবার রাত ৯টার দিকে বরিশালের বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, র‌্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসানসহ মোট ১১ জন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুও উপস্থিত ছিলেন।