জাতিসংঘ অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য ডিআর কঙ্গো (মনুস্ক)-এর নর্দান সেক্টরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (ব্যানআরডিবি)-৪ গত ৭ আগস্ট থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কনভয় এসকর্ট পরিচালনা করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গোর ইথুরী প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরি এলাকায় কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ ঘটে। এ পরিস্থিতিতে ইথুরী প্রদেশের গভর্নর সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ফোর্স কমান্ডার ও নর্দান সেক্টর কমান্ডারকে কনভয় এসকর্ট প্রদানের অনুরোধ জানান।
এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট থেকে নর্দান সেক্টরের ব্যানআরডিবি-৪ কমান্ডা হতে লুনা এবং কমান্ডা হতে মাম্বালেঙ্গা চলাচলকারী সকল যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা বিধানের জন্য কনভয় এসকর্ট পরিচালনা শুরু করে। সেই সঙ্গে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড সংযোগ সড়কে নিরাপত্তা বিধান অব্যাহত রাখে।
আরও বলা হয়, দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিসহ বিদ্রোহীদের অ্যামবুশ উপেক্ষা করেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক যানবাহনের এসকর্ট নিয়ে কমান্ডা হতে লুনা পর্যন্ত চলাচল অব্যাহত রেখেছে যা সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।