দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য সুযোগ পাওয়া সত্ত্বেও টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া হচ্ছে না আফগানিস্তানের ক্রীড়াবিদদের। তবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ঠিকই দেখা যাবে আফগানিস্তানের পতাকা। এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছে আন্তর্জাতিক প্যারালিম্পিক সংস্থা।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সন্স জানিয়েছেন, ঐক্যের প্রতীক হিসেবেই আফগানিস্তানের পতাকা তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে।
আফগানিস্তানের কোনো প্রতিযোগী অংশ নিতে পারছেন না গেমসে। স্বাভাবিকভাবেই পতাকা বহন করার লোক নেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের উদ্বাস্তু কমিশনের কোনো এক প্রতিনিধি মঙ্গলবার ন্যাশনাল স্টেডিয়ামে বহন করবেন আফগানিস্তানের পতাকা।
জাপানের টোকিওতে ২৪ আগস্ট শুরু হবে প্যারালিম্পিক। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।