অবাক করলেন আয়ুষ্মান

তরুণ প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম মেধাবী আয়ুষ্মান খুরানা। সমাজের নানা ভুল ধারণা কিংবা প্রচলিত সংস্কার নিয়ে দারুণ কিছু ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা পেয়েছেন। সেই ছবিগুলোতে তার চরিত্রের বৈশিষ্ট্য, লুক, কথাবার্তা, হাঁটাচলা আলাদা হলেও পাশের বাড়ির ছেলের একটা ইমেজ তৈরি করেছে। এবার এই বলিউড তারকাকে একেবারেই নতুন আঙ্গিকে দেখা যাবে। আগে তাকে এই লুকে কেউ দেখেনি। এর জন্য লম্বা প্রস্তুতি নিয়েছেন আয়ুষ্মান। ছিপছিপে চেহারার আয়ুষ্মানের এবার পেশিবহুল শরীর দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। আগামী ছবি ‘চন্ডিগড় কে আশিকি’তে এক ভারোত্তোলকের চরিত্রে দেখা যাবে তাকে। এ জন্য রীতিমতো চর্চা করে শরীরটাকে প্রস্তুত করেছেন তিনি। জানা গেছে, চরিত্রের প্রয়োজনে ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন আয়ুষ্মান। গড়ে তুলেছিলেন সিক্স প্যাক শরীর। শুধু তা-ই নয়, ১৫০ কেজির বেশি ওজনও উঠিয়েছিলেন আয়ুষ্মান। ‘চন্ডিগড় করে আশিকি’তে তার অভিনীত চরিত্রটি ফ্রি স্টাইল ভারোত্তোলন আর কুস্তি করে। তাই তাকে এই দুটির খুঁটিনাটি শিখতে হয়েছে। ভারোত্তোলন আর কুস্তি যাতে বাস্তবসম্মত হয়, সে জন্য ছবিতে জাতীয় স্তরের খেলোয়াড়দের নেওয়া হয়েছে। আয়ুষ্মানের ওজন বাড়ানোর জন্য বিদেশ থেকে এক ডায়েটিশিয়ানকে নিয়ে আসা হয়েছিল। তার পরামর্শমতো ডায়েট মেনে চলছেন এই বলিউড নায়ক। করোনার মধ্যেই ছবিটির শ্যুটিং হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভারতের অন্য কোথাও শ্যুটিংয়ের অনুমতি না পেয়ে চ-ীগড়েই এই ছবির শ্যুটিং হয়েছে। কভিডসংক্রান্ত সব রকম বিধিনিষেধ মেনে সাবধানতার মধ্যে ছবির শ্যুটিং করেছেন নির্মাতারা। শ্যুটিংয়ের সময় চন্ডিগড়ের একটা পাঁচ তারকা হোটেল বুক করা হয়েছিল। শ্যুটিং ফ্লোর বা হোটেলে বাইরের কারও প্রবেশের অনুমতি ছিল না। আয়ুষ্মান খুরানার নিজের বাড়িও চন্ডিগড়। তারপরও টানা ৪০ দিন তিনি হোটেলেই থেকেছেন। পরিবারের কারও সঙ্গে দেখা পর্যন্ত করেননি। চন্ডিগড় থেকেই ছবির ক্রু সদস্যদের নেওয়া হয়েছিল। সম্পূর্ণ সিনেমাটা চন্ডিগড়কে ঘিরে আবর্তিত হয়েছে বলে নির্মাতারা ছবির নাম শেষ পর্যন্ত ‘চন্ডিগড় করে আশিকি’ চূড়ান্ত করেছেন।

এদিকে আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ তার পরিচালিত প্রথম ছবি ‘শর্মাজি কি বেটি’র শ্যুটিং শুরু করেছেন। তাহিরার এ ছবি ভিন্ন বয়সের চার নারীকে নিয়ে নির্মিত হচ্ছে। আর আয়ুষ্মান ব্যস্ত তার আগামী ছবি ‘ডক্টরজি’র শ্যুটিংয়ে। এই ছবিতে চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন তিনি।