আনসার আল ইসলামের সামরিক শাখার ২ সদস্য গ্রেপ্তার

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইলসহ জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম এবং শরিয়তপুরের সখিপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে হাসান। দুজনই খুলনায় বাস করেন।

সোমবার রাতে খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টায় নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালায় সিআইডি। সিআইডির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়। এ সময় তাদের ৫/৬ জন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারদের বরাত দিয়ে সিআইডি সূত্র জানায়, আটকেরা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর।

জিজ্ঞাসাবাদের পর বিকেল ৩টার দিকে নাসিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, এয়ারগানের গুলি ৬৩টি, গান পাউডার সাদৃশ্য বস্তু তিনটি কৌটাসহ ২৮৩ গ্রাম, বিয়ারিংয়ের বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুঁড়াসহ নানা সামগ্রী জব্দ করা হয়।