নীলফামারীর ডোমারে খুলনাগামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনের সঙ্গে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজীরহাট রেলঘুন্টিতে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় ওই ইটবোঝাই ট্রাকের চালকসহ দুইজন আহত হয়েছেন। নিহত ট্রাক হেলপার সাকিলের (২২) বাড়ি নওগাঁ জেলা সদরে।
এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের এক্সেলসহ দু’টি চাকা ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে সকাল ৭টা থেকে চিলাহাটির সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায়, আজ সকাল সাতটার দিকে ইটবোঝাই একটি ট্রাক কাজীরহাট রেলঘুন্টি (অরক্ষিত রেলগেট) পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন ডোমার স্টেশনের দিকে যাওয়ার পথে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে রেললাইনে ধারে। এ সময় ট্রাকের হেলপার সাকিল ঘটনাস্থলে নিহত হন। ট্রাক চালক হাসান মাহমুদ (৩৫) ও ট্রাকের আরোহী ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০) আহত হয়েছেন। খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করেন।
ট্রেনের কোনো যাত্রীর ক্ষতি না হলেও রেল ইঞ্জিনটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটি।
ডোমার ফায়ার স্টেশনের ইনচার্জ এ.টি.এম মোস্তফা জানান, নিহতের মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাক চালক ও আরোহীকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের এক্সেলসহ দু’টি চাকা ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সকাল সাতটা থেকে চিলাহাটির সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন বেলা সাড়ে ১২টার দিকে ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত (দুপুর ৩টা পর্যন্ত) উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, ‘ট্রেনে থাকা কোনো যাত্রীর ক্ষতি না হলেও ট্রেনের ইঞ্জিনটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘ওই দুর্ঘটনার কারণে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত নীলফামারী-চিলাহাটি পথে ট্রেন চলাচল বন্ধ আছে।
‘সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে ছাড়তে পারেনি। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটিও আটকা পড়েছে নীলফামারী রেলওয়ে স্টেশনে।’
সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস বলেন,‘ডোমার দমকল বাহিনীর সহযোগিতায় নিহত ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক হাসান মাহমুদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’