সেপ্টেম্বরে কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই আসরের জন্য মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ জেমি ডে। দুজন প্রবাসী ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন তিনি।
দলে চমক হিসেবে আসা দুই প্রবাসী ফুটবলার হলেন- রাহবার ওয়াহেদ খান ও নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম।
২৫ বছর বয়সী ফরোয়ার্ড রাহবার কানাডা প্রবাসী। খেলেন দেশটির নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে। অন্যদিকে ১৮ বছর বয়সী মিডফিল্ডার তাহমিদ ফ্রান্স প্রবাসী। খেলেন দেশটির ইউএসএসএ ভেরতু ক্লাবের হয়ে।
দলে নতুন মুখ উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান।
বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত জুনে। সে মাসে কাতারে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলে জামাল ভূঁইয়ারা। সেই দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ, মিডফিল্ডার মোহাম্মদ ইমন ও মানিক মোল্লা, ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ, মেহেদি হাসান রয়েল, সুমন রেজা এবং মোহাম্মদ জুয়েল।
দলে ফিরেছে সাদউদ্দিন, রেজাউল করিম, বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে সাদউদ্দিন ও বিশ্বনাথ সবশেষ বিশ্বকাপ বাছাই দলে ছিলেন না। আর পাসপোর্ট সমস্যার কারণে যেতে পারেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিফেন্ডার রেজাউল।
৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের সঙ্গে লড়াই। ত্রিদেশীয় সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমি ডের শিষ্যরা।
বাংলাদেশের জন্য এই তিনটি ম্যাচই মূলত অক্টোবরে নেপালে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ।
বাংলাদেশ দলের ২৮ আগস্ট দেশ ছাড়ার কথা। দুই প্রবাসী ফুটবলার সরাসরি কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দেবেন। এএফসি কাপ খেলতে মালদ্বীপে থাকা বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা সেখান থেকেই যাবেন কিরগিজস্তানে।
২৩ সদস্যের দল বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান
মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, তাহমিদ ইসলাম (ফ্রান্স প্রবাসী)
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ।