১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, পরে গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ১৭ বছরের সাজা এড়াতে পালিয়ে থাকা জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ২১ বছর পর গ্রেপ্তার হয়েছেন।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ২০০০ সালে সোনাগাজী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওই রায়ের পর সে এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে।

সে শহরের চাঁদগাঁও এলাকায় ডেকোরেশন শ্রমিক হিসেবে কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপপরিদর্শক নিয়াজ মোহাম্মদ খাঁনের টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।