রহস্যময় অসুস্থতার কারণে ভিয়েতনাম সফর বিলম্ব হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ‘হাভানা সিনড্রোম’-এর উপসর্গ দেখা দেওয়ায় সিঙ্গাপুর থেকে হ্যানয়ের উদ্দেশে যাওয়া কয়েক ঘণ্টা দেরি হয় কমালার।
গত মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। যখন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই অপ্রত্যাশিত এক খবর ছড়িয়ে পড়ে। ভিয়েতনামের যুক্তরাষ্ট্র দূতাবাসের কারও হাভানা সিনড্রোম উপসর্গ দেখা দেয়। এতে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। তাৎক্ষণিকভাবে ভাইস প্রসিডেন্টের সফর পিছিয়ে দেওয়া হয়। দূতাবাসের দুই কর্মকর্তাকে সরিয়ে নেয় সংশ্লিষ্টরা।
এর আগেও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একই ধরনের উপসর্গ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে জানায়, সম্ভাব্য অস্বাভাবিক স্বাস্থ্যজনিত ঘটনার কারণে হ্যারিসের সফর বিলম্ব হয়। পরে সতর্কতার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদল হ্যানয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে তারা ভিয়েতনামের রাজধানীতেই অবস্থান করছেন বলে জানা গেছে। হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মকর্তরা ২০১৬ সালে প্রথমবার রহস্যময় হাভানা সিনড্রোমে আক্রান্ত হন।