গুচ্ছ ভর্তি পরীক্ষা

২০ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করেছে কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়গুলোর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আবেদন না করলে তারা পরে আর আবেদনের সুযোগ পাবেন না।’

তিনি জানান, প্রাথমিক মেধাতালিকা থেকে বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। তবে মানবিক ও বাণিজ্যের প্রাথমিক আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীই চূড়ান্ত আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

ড. মুনাজ জানান, বিজ্ঞান বিভাগের প্রাথমিক মেধাতালিকার ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী প্রথম সাত দিনের মধ্যে আবেদন না করলে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনের জন্য তিন দিন করে সময় পাবেন। তিনি জানান, প্রাথমিক তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে।

মহামারীকালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন।