কুলাউড়ায় পুঞ্জির ২৮০০ পান গাছ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ার একটি খাসিয়াপুঞ্জিতে পূর্ববিরোধের জেরে পান জুমের ২ হাজার ৮০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়াপুঞ্জিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেলুয়াপুঞ্জির হেডম্যান হেনরী তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বেলুয়াপুঞ্জির পান জুমের মালিক ও হেডম্যান হেনরী তালাং এবং পারমিত চিরামসহ ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান রফিক মিয়া, বশির মিয়া ও ইসরাইল আলী গং কর্মধা ইউনিয়নের সবকটি টিলার পান জুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। এজন্য পুঞ্জির লোকদের হুমকি দিয়ে আসছিল তারা। দুই সপ্তাহ আগে ডুলুছড়াপুঞ্জির বাসিন্দাদের হয়রানি ও উচ্ছেদ করার পাঁয়তারা করে বনায়নের চারাগাছ বিনষ্টের মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়। আমরা পুঞ্জিবাসীরা এর প্রতিবাদ করেছিলাম।

অভিযোগের বিষয়ে বশির মিয়া ও ইসরাইল মিয়া জানান, ‘বেলুয়াপুঞ্জি বনায়ন এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। সেখানে গিয়ে পান গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন।’

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, অভিযোগ পেয়েছি।