টাকার বিনিময়ে আশ্রয়ণের ঘর, সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

চাঁদাবাজীর অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেটের মামলার পর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন।

সোনাগাজীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় আওয়ামী লীগ নেতার চাঁদাবাজির বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দৈনিক দেশ রূপান্তরে ‌‌‘টাকার বিনিময়ে আশ্রয়ণের ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত খবরের বরাত দিয়ে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হওয়া এবং এ বিষয়ে আইনানুগ কোনো ব্যবস্থা না নেয়ায় দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর ধারায় সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলামকে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ করে একই ইউনিয়নের দিনমজুর নুরুল আবসার সবুজ। অভিযোগকারী সবুজ বলেন, দীর্ঘদিন ধরে নুর উদ্দিন আমাকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে আসছে। ঘুষ না দিলে ঘর পাব না বলে তিনি জানান। এমতাবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেতে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ হাজার টাকা তাকে দিই। ১৭ আগস্ট আমি ঘর বুঝে পাওয়ার পর থেকে আরও পাঁচ হাজার টাকার জন্য তিনি আমাকে নানাভাবে হয়রানি করছেন। টাকা না দিলে ঘর নিয়ে নেওয়ার ভয় দেখাতে থাকেন। ২৩ আগস্ট আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়ে প্রতিকার কামনা করেছি।